ভারতে তুলনামূলক কম দামে এলপিজি গ্যাস পাওয়া গেলেও বাংলাদেশে বেশি দামে কিনতে হচ্ছে—এমন অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি প্রশ্ন তুলেছেন, কলকাতায় যেখানে ১ হাজার টাকায় গ্যাস পাওয়া যাচ্ছে, সেখানে বাংলাদেশে কেন ২ হাজার ৫০০ টাকা দিয়ে তা কিনতে হবে? এ প্রশ্নের জবাব জ্বালানিমন্ত্রীকে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সরকারের সার্বিক ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে দেশের সার্বিক পরিস্থিতির জন্য সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়ী করেন আখতার হোসেন। তিনি বলেন, সরকার গঠনের নয় মাস পার হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর একটি শক্তিশালী মানবাধিকার আইন প্রণয়নের প্রত্যাশা থাকলেও সরকার এমন একটি দুর্বল আইন করেছে, যেখানে ইচ্ছামতো মানবাধিকার লঙ্ঘনের সুযোগ রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ ছাড়া অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন এনসিপির এই নেতা।
সম্প্রতি বিমানবাহিনীর কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর প্রসঙ্গ তুলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বাজেট-পরবর্তী সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং বিদ্যুৎ ও স্বরাষ্ট্র খাতের অচলাবস্থার অভিযোগ তুলে সংশ্লিষ্ট দুই মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেন আখতার হোসেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর