বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বেকারত্ব কমাতে একগুচ্ছ পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের যুবকদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। পাশাপাশি, বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তারা জমি বা সম্পদ বিক্রি না করেও প্রবাসে যেতে পারেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে দেশের যুবক ও যুবতীরা দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করতে সক্ষম হবেন এবং স্বাবলম্বী হয়ে দেশের বেকারত্ব দূর করতে সহায়ক হবেন।
বক্তব্যে তিনি বিশেষ করে বিদেশগামীদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “প্রবাসে যাওয়ার আগে অনেক মানুষের অর্থের সংকট দেখা দেয়। অনেকে ভিটেমাটি বা জমিজমা বিক্রি করে প্রবাসে পাড়ি জমান, যা তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”
এই সমস্যার সমাধান হিসেবে তারেক রহমান জানান, সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। এই ঋণের মাধ্যমে বিদেশগামীরা সহজেই খরচ মেটাতে পারবেন এবং বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে ঋণ পরিশোধ করতে পারবেন।
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের যুব সমাজকে স্বাবলম্বী করবে এবং দেশজুড়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর