ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিতদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম প্রমুখ।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে বিদ্যালয় পর্যায়ে রেজানুর মোর্শেদ তাসিন এবং কলেজ পর্যায়ে মো. ওবায়দুর হক নির্বাচিত হন। শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে বিদ্যালয় পর্যায়ে মোহাম্মদ জাহিদুল আলম এবং কলেজ পর্যায়ে প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস সংবর্ধনা পান। স্কাউট, বিএনসিসি ও রোভার কার্যক্রমে অবদানের জন্য মোছা. সাদিয়া, ইমরান হাসান, শিপন আহম্মেদ ও আনোয়ার হোসেনকে সম্মাননা দেওয়া হয়।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে সরকারি কলেজের প্রফেসর মো. রেদওয়ানুর রহমান, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক এবং ইসলামবাদা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন নির্বাচিত হন। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় ও গৌরীপুর সরকারি কলেজ।
এছাড়া কেরাত, রচনা, বক্তৃতা, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য, অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদেরও সংবর্ধনা প্রদান করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে অনুপ্রেরণা যোগায় এবং শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর