ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর প্রধান কার্যালয়ে ‘সংস্কারের অঙ্গীকার ও প্রতারণার রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় মেহেরবা প্লাজাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি হাসনাত কাইয়ূম। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিন্তক, সমাজ নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে সরকার ঘোষিত ভাবে প্রতারণার পথ বেছে নিয়েছেন।
জাস্টিস এন্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, জিয়াউর রহমান ন্যায়পাল আইন বানিয়েছিলেন। তারেক রহমান সেই আইন বাস্তবায়ন করেন নাই। যিনি পিতার বানানো আইন বাস্তবায়ন করেন না, তিনি গণরায়ের সাথেও প্রতারণা করবেন, এটাই স্বাভাবকি।
গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আহ্বায়ক ফাহিম মাশরুর বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে বিএনপি সরকার সবচেয়ে বেশি প্রতারণা করছেন নিজ দলের নেতা কর্মীদের সাথে।
সভাপতির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, স্বৈরাচারী ব্যবস্থার বিলোপ ও গণঅভ্যুত্থানের আকাঙ্খা অর্জনে কোনো ধরনের আপস করার সুযোগ নেই। জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে দেশের সমস্ত দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলনের জোর আহ্বান জানাচ্ছি। এই চ্যালেঞ্জ না নিলে আবু সাঈদ, মিরাজ সহ হাজারো শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে।
তিনি আরো যুক্ত করেন, বিএনপির সকল নেতাকর্মী গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন চান না, এটা আমরা মনে করি না। দেশি বিদেশি কোন প্রভুর প্রচারণায় বিএনপির একটি অংশ, যারা অভ্যুত্থানে ছিলেন না, তারাই এই ষড়যন্ত্র করছেন। এ ষড়যন্ত্র সফল হলে, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে সবচেয়ে ঝুঁকিতে পড়বেন প্রধানমন্ত্রী নিজেই।
আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, শহীদ মিরাজের বাবা আব্দুর রওফ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ হাসিবউদ্দীন হোসেন প্রমুখ। আলোচনা সভার সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর