কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি হাইস্কুলে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, মঙ্গলবার প্রদেশটির টাম্বলার রিজ শহরের টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্কুল ভবনের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, হামলার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাড়ি থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
আরসিএমপির বিবৃতিতে বলা হয়, ঘটনাটি একটি ‘অ্যাকটিভ শুটার’ পরিস্থিতি ছিল। সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়, যার শরীরে আত্মঘাতী আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হামলায় আরও দুজনকে গুরুতর বা জীবননাশের আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রায় ২৫ জনকে স্থানীয় মেডিকেল সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসা ও প্রাথমিক পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাদের আঘাত জীবননাশের ঝুঁকিমুক্ত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, স্কুলের বাকি সব শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পুনর্মিলনের জন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ব্রিটিশ কলাম্বিয়া রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত টাম্বলার রিজ শহরের জনসংখ্যা তিন হাজারেরও কম।
ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি এই ঘটনাকে ‘কল্পনাতীত ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আগামী দিনগুলোতে ক্ষতিগ্রস্ত পরিবার ও কমিউনিটির পাশে দাঁড়াতে সরকার সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। “আজ রাতে টাম্বলার রিজের শোকাহত পরিবারগুলোর প্রতি আমাদের হৃদয়ের গভীর সমবেদনা,” বলেন তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের তুলনায় কানাডায় আগ্নেয়াস্ত্রের মালিকানায় কঠোর আইন থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে একাধিক গণহত্যার ঘটনায় দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণ আরও জোরদারের দাবি উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২০২২ সালে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নতুন আইন জারি করেন, যার মধ্যে দেশজুড়ে হ্যান্ডগান কেনা-বেচায় ‘ফ্রিজ’ আরোপ করা হয়।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র-আলজাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর