বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, মাওলানা বেলাল উদ্দিন দুপুরে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামায়। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার কাছে থাকা ব্যাগটি সবার উপস্থিতিতে খোলা হবে। আপাতত তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেওয়া হয়েছে।”
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
আটক বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও শহরের পূর্ব হাজীপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার বাসিন্দা। তিনি পেশায় স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক।
এ ঘটনায় জেলা জামায়াতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আগের দিন বিপুল পরিমাণ টাকাসহ জেলার একটি শীর্ষ রাজনৈতিক নেতার আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর