ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে ভোট গণনা চলছে। এ নির্বাচনে কক্সবাজার-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নিরঙ্কুশ জয়ের পথে রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিনি তার সহধর্মিনী, সাবেক এমপি হাসিনা আহমদ এবং কনিষ্ঠ পুত্র সাঈদ ইব্রাহিমকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন। সেখানে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।
এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, নানা বাধা পেরিয়ে দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরে আসছে এবং মানুষ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছে। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। ভোটকেন্দ্রে দীর্ঘ সারিকে তিনি গণতন্ত্রের প্রতি মানুষের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ ভোটের পরিবেশ ব্যাহত করতে দেশের বিভিন্ন স্থানে অনিয়মের চেষ্টা করছে, যা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ পাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে।
সালাহউদ্দিন আহমদ নিজ কেন্দ্রে ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর