ভূতুড়ে সাজসজ্জা, বিচিত্র মুখোশ, রঙিন কস্টিউম আর হরর সিনেমার আবহে আজ ৩১ অক্টোবর বিশ্বজুড়ে উদ্যাপিত হচ্ছে হ্যালোইন। পশ্চিমা সংস্কৃতির এই উৎসব ঘিরে বাংলাদেশেও বাড়ছে আগ্রহ। বিশেষ করে রাজধানী ঢাকায় তরুণ প্রজন্মের মধ্যে হ্যালোইন উদ্যাপন নিয়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। বিভিন্ন রেস্তোরাঁ, বিনোদনকেন্দ্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান।
প্রতি বছর ৩১ অক্টোবর পালিত হয় হ্যালোইন। ঐতিহাসিকভাবে উৎসবটির শিকড় প্রাচীন কেল্টিক ‘সামহেইন’ উৎসবের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী সময়ে খ্রিষ্টীয় অল সেইন্টস ডে বা সাধুদের স্মরণ দিবসের আগের সন্ধ্যার সঙ্গে যুক্ত হয়ে এটি ‘অল হ্যালোজ ইভ’ নামে পরিচিতি পায়। সেখান থেকেই প্রচলিত হয় হ্যালোইন নামটি।
বর্তমানে পশ্চিমা দেশগুলোর গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে উৎসবটি। বিশ্বায়ন, সামাজিক যোগাযোগমাধ্যম, হলিউডের ভৌতিক সিনেমা ও আন্তর্জাতিক বিনোদন সংস্কৃতির প্রভাবে বাংলাদেশেও এর প্রভাব বাড়ছে। বাঙালির নিজস্ব ঐতিহ্যবাহী উৎসব না হলেও নগরজীবনের বিনোদন ও সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে ঢাকায় জায়গা করে নিচ্ছে হ্যালোইন।
রাজধানীতে কোথায় কী আয়োজন
হ্যালোইন উপলক্ষে আজ রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছে বর্ণিল আয়োজন। বনানীর যাত্রা বিরতিতে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ‘ভূত চতুর্দশী’। বাংলা সংস্কৃতির ভূতুড়ে আবহকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে রয়েছে ভূত খোঁজার খেলা, ভূত এফএমের গল্প শোনার আসর, ট্যারো কার্ড রিডিং, ফেস পেইন্টিং, শিশুদের বই এবং সরাসরি সংগীত পরিবেশনা।
টঙ্গীর ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’-এ ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলছে ‘হ্যালোইন নাইট পার্টি’। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ আয়োজনে রয়েছে মনস্টার বারবিকিউ বুফে, ভৌতিক গুহা, হরর সিনেমা ম্যারাথন, কস্টিউম প্রতিযোগিতা, লাইভ মিউজিক ও গথিক নৃত্য।
অন্যদিকে মানা বেতে ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলছে ‘ভূত উৎসব’। এতে ভৌতিক কসপ্লে, হরর ড্যান্স পারফরম্যান্স, ইডিএম সংগীত এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আদলে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া বনানীর যাত্রা বিরতিতে আজ সন্ধ্যা ৬টা থেকে শুরু হচ্ছে ‘স্ট্রেঞ্জ আওয়ারস’। এতে সংগীত পরিবেশন করবে লেভেল ফাইভ, ভিনটেজ থিওরি ও অন্যান্য সংগীতদল। ভৌতিক আবহ, সৃজনশীল পোশাক এবং লাইভ মিউজিকের সমন্বয়ে আয়োজনটি সাজানো হয়েছে।
শিল্প-সংস্কৃতিতেও হ্যালোইনের ছোঁয়া
হ্যালোইনের পাশাপাশি রাজধানীতে চলছে শিল্পকলাভিত্তিক কয়েকটি আয়োজনও। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে শিল্পী মণি মাঝির একক প্রদর্শনী ‘নন-ডুয়ালিটি’। প্রদর্শনীটি চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
অন্যদিকে অরিগামির শিল্পকর্ম নিয়ে সোনাটাঙ্গর রোডের কুন ক্রিয়েটিভ স্টুডিওতে চলছে ‘দ্য ফোল্ড ফেস্ট’। ২৪ অক্টোবর শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১১ নভেম্বর পর্যন্ত।
সব মিলিয়ে, নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি ভিন্ন সংস্কৃতির উৎসব ও বিনোদনমূলক আয়োজনের প্রতি ঢাকাবাসীর আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে হ্যালোইন উদ্যাপনে। তরুণদের অংশগ্রহণ, সৃজনশীল পোশাক, ভৌতিক সাজসজ্জা ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে ক্রমেই পরিচিত হয়ে উঠছে এই উৎসব।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর