ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। তারেক রহমান ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। আসনটির ১৫০টি কেন্দ্রের ফলাফল পাওয়ার পর বেসরকারিভাবে এই ফলাফল জানানো হয়।
এই কেন্দ্রে মোট ভোটার ৪ লক্ষ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে বৈধ ভোট কাস্টিং হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৪৮৯টি। এই আসনে মোট ৫টি রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। বাকি প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মামুনুর রশিদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫০৮টি ভোট। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ-এর প্রার্থী দিলরুবা নূরী মই প্রতীকে পেয়েছেন ৭৯৫ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি-এর প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি তারা প্রতীকে পেয়েছেন ২৭৬ ভোট। বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান তাঁর কার্যালয়ে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর