কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের বিজয়ী প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, তাকে পরাজিত করতে নানা ধরনের ষড়যন্ত্র করা হলেও শেষ পর্যন্ত জনগণের রায়ই সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের মুক্তিযোদ্ধা চত্বরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিজয়োত্তর প্রতিক্রিয়ায় তিনি বলেন, তাকে হারানোর উদ্দেশ্যে নানা অপচেষ্টা চালানো হয়েছে। বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একজোট হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে জনতার রায় এসব চেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, গত ১৭ বছর তাকে নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে সময় পার করতে হয়েছে। তবুও জনগণ দলে দলে কেন্দ্রে গিয়ে তাকে ভোট দিয়েছেন। এমনকি যারা আগে কখনও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, সেই তরুণরাও তার সমর্থনে রাজপথে নেমেছেন।
সমর্থকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। কেউ কেউ চাকরি থেকে ছুটি নিয়েছেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাও দেশে এসে কাজ করেছেন। ব্যবসা-বাণিজ্য বন্ধ রেখেও অনেকে তার পক্ষে প্রচারণায় যুক্ত ছিলেন।
তিনি বলেন, দেবিদ্বারবাসী প্রমাণ করে দিয়েছেন, ক্ষমতা কোনো ব্যক্তি বা দলের হাতে নয়, ক্ষমতা জনতার হাতে। জনগণ তাদের ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্র প্রতিহত করেছে।
বিজয়ের পর দেবিদ্বার এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর