দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় সংসদে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিজয়ী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ অবস্থায় সরকার গঠনের জন্য অন্য কোনো দলের সঙ্গে জোট করার প্রয়োজন বা প্রশ্নই আসে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারি ফলাফল হাতে পাওয়ার পর নিজ বাসভবনে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, বিভিন্ন সূত্র, গণমাধ্যম এবং দলের নির্বাচনি সেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পাচ্ছে। ফলে এককভাবেই সরকার গঠন করা সম্ভব হবে। তিনি বলেন, সরকার গঠনের ক্ষেত্রে অন্য কোনো দলের সঙ্গে কোয়ালিশন বা জোট করার কোনো প্রয়োজন বা সুযোগ নেই।
তিনি আরও বলেন, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা অনুযায়ী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গীদের নিয়ে নির্বাচন করেছে এবং সরকার গঠনের ক্ষেত্রেও সেই প্রতিশ্রুতি রক্ষা করা হবে। তবে জাতীয় সরকার বলতে সংসদের সব দলকে অন্তর্ভুক্ত করা নয়, বরং ঐকমত্যের ভিত্তিতে আন্দোলনের সহযোগীদের নিয়েই সরকার গঠন করা হবে।
সংসদে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে একটি দায়িত্বশীল ও প্রাণবন্ত বিরোধী দল থাকা জরুরি। এতে রাষ্ট্র পরিচালনায় চেক অ্যান্ড ব্যালেন্স বজায় থাকবে।
বিজয় উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কোনো ধরনের বিজয় উল্লাস করবে না। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়নে কাজ করাই এখন দলের প্রধান দায়িত্ব। তিনি দাবি করেন, জনগণের সমর্থন এবং প্রত্যাশা থেকেই বিএনপি এই বিজয় অর্জন করেছে এবং দল প্রযুক্তিনির্ভর, মেধানির্ভর ও উন্নত বাংলাদেশ গঠনে কাজ করবে।
কক্সবাজার-১ আসনের বেসরকারি ফলাফলে সালাহউদ্দিন আহমদ ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আবদুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট। এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন এবং কেন্দ্র ছিল ১৭৭টি।
সাজু/নিএ
সর্বশেষ খবর