নাটোরের সিংড়ায় আট বছর আগে এক যুবদল নেতাকে চড়-থাপ্পড় ও বেপরোয়াভাবে কিল-ঘুষি মেরেছিলেন উপজেলা ১১নং ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান। সেই আঘাতের প্রতিশোধ নিতে ওই ইউপি চেয়ারম্যানকে চড় ও কিল-ঘুষি মারলেন যুবদল নেতা।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায়। ঘটনার পর স্থানীয় লোকজন আহত চেয়ারম্যানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সাবেক চেয়ারম্যানের নাম আলতাব হোসেন আকন্দ। তিনি ১১ নম্বর ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৭ সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের কালিগঞ্জ বাজারে একই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকে চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন চড় ও কিল-ঘুষি মেরেছিলেন। আট বছর পর সেই একই বাজারে চেয়ারম্যান আলতাব হোসেনকে চড় ও কিল-ঘুষি মারেন শামীম। ঘটনাটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শামীম জানান, ২০১৭ সালে ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আলতাব হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে তাকে চড় ও বেপরোয়াভাবে কিল-ঘুষি মেরেছিলেন। ওই নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করায় তাকে মার খেতে হয়েছিল। তাই চড়-থাপ্পড়ের বদলে শুধু চড়-থাপ্পড়, কিল-ঘুষি দেওয়া হয়েছে।
এ ঘটনায় আলতাব হোসেন জানান, তিনি কখনো তাকে মারধর করেননি। তবে ২০১৭ সালে ওই বাজারে অনুষ্ঠিত একটি ইসলামী জলসার পাশে যুবদল নেতা শামীমসহ কয়েকজন খিচুড়ির আয়োজন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই সময়ে হট্টগোল হয়েছিল।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন নূর বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি, তবে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর