গাজা উপত্যকায় নতুন করে চালানো ইসরায়েলি হামলায় ভোর থেকে অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
চিকিৎসা সূত্র জানায়, গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলের লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২০টিতে।
এদিকে একই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননেও একাধিক হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর ব্যবহৃত গুদামঘর।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় অন্তত ৭২ হাজার ৫১ জন নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৭০৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।
সংঘাত চলমান থাকায় গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
সূত্র-আলজাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর