ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, কারচুপি ও নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জোট নেতারা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও সহিংসতার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হন জোটের প্রতিনিধিরা।
দুপুর ১২টার দিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে সোমবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে। কিছু কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজেরাই ব্যালটে সিল দিয়েছেন বলেও দাবি করেন তিনি। এছাড়া ভোটগ্রহণে বাধা, ভীতি প্রদর্শন ও কম ভোট কাস্টিংয়ের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তোলেন।
জোটের পক্ষ থেকে দাবি করা হয়, কিছু কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোট পড়েছে এবং অতিরিক্ত ব্যালট ব্যবহারের অভিযোগ রয়েছে। ভোট গণনার সময় এজেন্টদের বের করে দেওয়া, ফলাফলের শিটে ঘষামাজা এবং ঢাকা-৬ আসনে এজেন্ট পরিবর্তনের ঘটনাও উল্লেখ করেন তিনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর