ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তথ্যে দেখা গেছে, ভূমিধস বিজয় অর্জন করা বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট এবং জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির প্রস্তুত করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
২৯৯টি আসনের নির্বাচনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি দল অংশ নেয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের মামলা নিষ্পত্তির পর ঘোষণা করা হবে।
ইসির ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর ২৯৯টি আসনে অনুষ্ঠিত গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
আসন বণ্টনে বিএনপি পেয়েছে ২০৯টি আসন এবং জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এনসিপি পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি করে আসন। অন্যদিকে জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসন পায়নি।
অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩ দশমিক ০৫ শতাংশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ২ দশমিক ০৯ শতাংশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৭০ শতাংশ ভোট পেয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর