ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। মৃত শহিদুল ইসলাম (শহীদ) পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
পীরগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওসি মাজহারুল ইসলাম বলেন, রোববার মধ্যরাতে পীরগঞ্জ থানার একদল চৌকশ পুলিশ সদস্যরা ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে চালান। এসময় ওই গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামিকে গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম শহীদ হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে এএসআই শহীদকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা এএসআই শহীদকে মৃত ঘোষণা করেন।
ডা. তানজিনা বলেন, এএসআই শহীদকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে কিছুই বলতে পারবো না কি কারণে তার মৃত্যু হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, তিনি স্ট্রোক মানে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তারপরও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে হলে লাশের ময়নাতদন্ত করতে হবে।
ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে গাড়িতে তোলার সময় এএসআই শহীদ বুকে ব্যথা অনুভব করেন। এ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ধারণা করছি, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর