জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় জোটের সংসদ সদস্যরা দাবি জানিয়েছেন, তারা এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথই নিতে চান। অন্যথায় তারা এমপি হিসেবে শপথ নেবেন না।
এই শর্তের কারণে সংসদ ভবনের ভেতরেই বিএনপি, জামায়াত এবং বিদায়ী সরকারের প্রতিনিধিদের মধ্যে জট কাটানোর আলোচনা চলছে। দুপুর ১২টায় জামায়াত এমপিরা শপথ গ্রহণ করার কথা রয়েছে।
ডা. শফিকুর রহমানসহ জামায়াতের এমপিরা বর্তমানে সংসদ ভবনে অবস্থান করছেন। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোটের এমপিরা শপথ নেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সকালে শপথগ্রহণের আগে বলেন,
“সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এটি এখনও অন্তর্ভুক্ত হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটি সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সদস্যদের শপথ নেবার বিধান ঠিক করতে হবে।”
তিনি আরও জানান, বিএনপি সংবিধান মেনে চলবে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়টি দলের চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী নেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় সংসদে বসতে যাচ্ছে। সংসদীয় নেতা নির্বাচিত হচ্ছেন ডা. শফিকুর রহমান।
সাজু/নিএ
সর্বশেষ খবর