বগুড়ার নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে হত্যা করা হয়েছে। উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামের দিলবর হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার বীরপলি গ্রামের শাহীন হোসেনের ছেলে শামীমের সঙ্গে নিহত মিলনের প্রতিবেশী নবীর শেখ নামের এক যুবকের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তখন মিলন তাদের শান্ত থাকতে বলেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় শামীম তার শ্বশুরবাড়ি বুড়ইল গ্রামে যাওয়ার পথে পূর্ব বিরোধের জেরে নবীর শেখ তাকে মারধর করে।
এ ঘটনার জেরে শামীম ও তার পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে সদলবলে বৃহস্পতিবার রাতে বুড়ইল গ্রামে এসে নবীর শেখকে খুঁজতে থাকে। সেসময় তারাবির নামাজ শেষে মিলন হোসেন বাজার থেকে বাড়ি ফিরে বাড়ির বাইরে দাঁড়িয়ে পরিচিতজনদের সঙ্গে কথা বলছিলেন। তখন ৫ থেকে ৭টি মোটরসাইকেল নিয়ে কিছু যুবক ঘটনাস্থলে আসে। এসে তারা মিলনের চাচাকে জিজ্ঞেস করে আপনার পার্শ্বে দাঁড়িয়ে থাকা ছেলেটি কে? তখন তারা চাচা-ভাতিজা বলে পরিচয় দেওয়ার পরপরই কয়েকজন হামলাকারী এসে মিলন হোসেনের বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
এরপর স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সকালে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর