রাজধানী ঢাকার দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশে ভয়াবহ হামলা ও মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।
মারধরের এই ঘটনা সামাজিক মাধ্যমে নিজেই জানান অভিনেত্রী। তার দেওয়া ঘটনার বিবরণ অনুযায়ী, গত বৃহস্পতিবার বিকেলে দিয়াবাড়ি এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার পেছন থেকে তাদের গাড়িকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে অভিনেত্রীর গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর গাড়ি থেকে নামলে প্রাইভেটকারটির মালিক ও চালক মিলে উপন্যাসের ওপর চড়াও হন। তারা তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে পালিয়ে যান।
অভিনেত্রী তার সামাজিক মাধ্যমে হামলাকারীদের গাড়ির নম্বর প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে, পুরো মারধরের দৃশ্যটি ভিডিওতে ধারণ করা হয়েছে।
এরপর শুক্রবার দুপুরে দেওয়া এক পোস্টে মনিরা মিঠু তার ছেলের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ করেন, "আমার বড় সন্তান উপন্যাসের সারা শরীর জখম, ব্যথায় কাতর। তার ডান চোখে বেশি আঘাত করা হয়েছে। আমার সন্তানের হাঁটুর ওপর একজন দাঁড়িয়ে গলা টিপে ধরে রেখেছিল আর আরেকজন লাথি, ঘুষি মারছিল।" ভিডিওর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "গাড়ির মালিক ও চালক অত্যন্ত 'জানোয়ারের মতো' উপন্যাসে রক্তাক্ত করেছে, যা দেখে তিনি ভাষা হারিয়ে ফেলেছেন।"
বিপদের এই সময়ে পাশে থাকার জন্য সহশিল্পী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মনিরা মিঠু। গতকাল মধ্যরাত পর্যন্ত অনেকেই উপন্যাসের খোঁজ নিয়েছেন বলে জানান তিনি। বর্তমানে এই অমানবিক ঘটনার দ্রুত বিচার দাবি করছেন এই অভিনেত্রী ও তার পরিবার।
মাসুম/সাএ
সর্বশেষ খবর