মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে উপজেলা শ্রমিক দলের নেতা মেহেদী হাসানকে (৩২) গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মেহেদী হাসান উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। তাঁর বাড়ি পৌরসভার কাজীপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় শাহ আউলিয়া জামে মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার সময় মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল আলম জানান, সন্ত্রাসীরা মেহেদী হাসানকে লক্ষ্য করে অন্তত ছয়টি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের ডান পাশে এবং আরেকটি গুলি পায়ে লাগে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর