বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিজ বাড়ি থেকে টুলু মিয়া (৫০) নামের এক ব্যক্তির অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে ঘরের ভেতরে তাঁর মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। নিহত টুলু মিয়া উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টুলু মিয়ার স্ত্রী জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। তাঁর দুই মেয়ে জেমি ও জুথি আক্তার উভয়েই বিবাহিত। বাড়িতে তিনি একাই বসবাস করতেন। তবে গত কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় তাঁর ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
ছোট মেয়ে জুথি আক্তারের দাবি, অসুস্থতাজনিত কারণে সৃষ্ট মানসিক চাপে তাঁর বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে থাকতে পারেন। অন্যদিকে স্থানীয়দের মধ্যেও কেউ কেউ ধারণা করছেন, অসুস্থতার কারণে মানসিক অবসাদ থেকে তিনি নিজে এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন অথবা অন্য কোনো কারণেও এই মৃত্যু ঘটে থাকতে পারে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর