গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমারুল ইসলাম শাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৩টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসে। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দেয়। এ সময় দুজনকে আটক করা হয়। দলের অন্য সদস্যরা দ্রুত সরে পড়ে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে তাদের আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর