সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত থাকার নির্দেশনা জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য ‘নিয়মিত উপস্থিতি বিধিমালা, ২০১৯’-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে উক্ত বিধিমালার আওতায় নিম্নোক্ত কর্মকাণ্ডসমূহ অফিস শৃঙ্খলার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
(ক) বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি;
(খ) বিনা অনুমতিতে অফিস ত্যাগ,
(গ) বিলম্বে অফিসে উপস্থিতি।
এ অবস্থায় সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে। অফিস সময়ে শেষ হওয়ার পূর্বে অর্থাৎ (পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজান-পরবর্তী সময় বিকেল ৫টার) পূর্বে কেউ নিজ দপ্তর ত্যাগ করবে না।
এ ছাড়া অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, অফিস চলাকালীন সময়ে দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অনুবিভাগের প্রধান (যুগ্ম সচিব/সলিসিটর)-এর পূর্বানুমতি গ্রহণ করতে হবে। পাশাপাশি সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি প্রদান এবং ডিজিটাল হাজিরা নিশ্চিত করে তবেই অফিস ত্যাগ করতে হবে।
এতে আরও বলা হয়, কোনো কর্মকর্তা-কর্মচারী অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকলে, অফিস ত্যাগ করলে বা বিলম্বে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর