আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন বন্ধে অভিযান জোরদার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কুমিল্লা জেলার বিবির বাজার এলাকায় একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ‘কাশফুল ফুড প্রডাক্ট’ নামের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, ক্ষতিকর শিল্প রং ব্যবহার, সফট ড্রিংক পাউডারে অতিরিক্ত অ্যাসপার্টাম মেশানো এবং বৈধ সনদ ছাড়াই ‘হালাল’ লোগো ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া এবং ক্যাব কুমিল্লার প্রতিনিধি কাজী মাসুদ আলম উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে র্যাব–এর একটি দল। ভোক্তা অধিদপ্তর জানায়, জনস্বার্থে এবং রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান জেলা জুড়ে অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর