• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৭ বিকাল

কালীগঞ্জে র‍্যাবিস ভ্যাকসিন ক্রয়ের বরাদ্দকৃত ২ লাখ টাকার হদিস, ভোগান্তির অবসান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ানো রোগীদের জন্য র‍্যাবিস ভ্যাকসিন কেনার বরাদ্দকৃত দুই লাখ টাকার অবশেষে হদিস মিলেছে। দীর্ঘ দুই মাস ধরে ওই অর্থের কোনো সন্ধান না পাওয়ায় এবং ভ্যাকসিন সংকটে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ায় বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে প্রশাসনের নজরে আসার পর তড়িঘড়ি করে জরুরি ভিত্তিতে ৫০ ভায়াল র‍্যাবিস ভ্যাকসিন ক্রয় করা হয়েছে।

জানা গেছে, গত তিন থেকে চার মাস ধরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট চলছিল। ফলে কুকুরে কামড়ানো রোগীরা প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েন। অনেককে বাধ্য হয়ে ঝিনাইদহ সদর কিংবা যশোরসহ পার্শ্ববর্তী জেলায় গিয়ে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনতে হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি ও আর্থিক ক্ষতি দুই-ই বেড়ে যায়।

প্রায় দুই মাস আগে কালীগঞ্জ উপজেলা পরিষদ থেকে র‍্যাবিস ভ্যাকসিন কেনার জন্য দুই লাখ টাকা বরাদ্দ দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই অর্থ দিয়ে ভ্যাকসিন ক্রয় করা হয়নি। বরং অর্থটি নিয়ে গড়িমসি ও আত্মসাতের চেষ্টার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

পরবর্তীতে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি উত্থাপন করা হলে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন ক্রয়ের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এরই প্রেক্ষিতে পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ওই বরাদ্দের অর্থ থেকে জরুরি ভিত্তিতে ৫০ ভায়াল র‍্যাবিস ভ্যাকসিন ক্রয় করে। বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সম্মুখে ক্রয়কৃত ভ্যাকসিনগুলো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে মাইনুর রহমান, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

স্থানীয় সচেতন মহল অবিলম্বে ভ্যাকসিন সরবরাহ শুরু করার পাশাপাশি ভবিষ্যতে যেন এমন অবহেলা ও গাফিলতি না ঘটে সে জন্য স্বাস্থ্য বিভাগে জবাবদিহিতা ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]