রাজবাড়ীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত আর্থিক অনুদান পেয়েছেন ২৩ জন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তি। প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাজবাড়ী সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সহধর্মিণী আমেনা শফিক।
অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের আর্থিক সংকট লাঘব এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অনুদান বিতরণ করা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ সহায়তা উপকারভোগীদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে কিছুটা হলেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজবাড়ী জেলা আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, জেলা নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি মো. আলিমুজ্জামান এবং রাজবাড়ী পৌর জামায়াতের আমির ডা. মো. হাফিজুর রহমান।
এ ছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. রঞ্জু বিশ্বাস, রাজবাড়ী সদর জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. রাজু আহমেদ, সেক্রেটারি মো. ইব্রাহীম খলীল উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারি ও সামাজিক পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর