আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়া মেধাবী শিক্ষার্থী মো. মুনায়েম ইসলামের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত। মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বাসিত মুনায়েম ইসলামের ভর্তি সংক্রান্ত সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন। ফলে মেধাবী এই শিক্ষার্থীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন বাস্তবে রূপ নেয়। আর্থিক সীমাবদ্ধতার কারণে যেখানে ভর্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেখানে মানবিক সহায়তায় নতুন আশার আলো দেখেন মুনায়েম।
লালমনিরহাট জেলার সন্তান মো. মুনায়েম ইসলাম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম মেধা তালিকায় স্থান অর্জন করেন। মেধা ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করলেও পারিবারিক আর্থিক সংকটের কারণে তার ভর্তি কার্যক্রম নিয়ে সংশয় দেখা দেয়। পরিবারে সীমিত আয়ের কারণে ভর্তি ফি ও অন্যান্য ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ছাত্রনেতা বাসিত মানবিক দৃষ্টিকোণ থেকে তার দায়িত্ব নেন এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করেন।
গত সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বাবু, মো. রাসেল মিয়া, মিনহাজুল আলম, ইয়াসির আরাফাত, সোলাইমান খান সাগর ও ইমরান হোসেনের উপস্থিতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ভর্তি সম্পন্ন হওয়ার পর মো. মুনায়েম ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করে দেওয়ার এই সহযোগিতা তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, সহযোগিতা না পেলে তার পক্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব হতো না। ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা শেষ করে সুপ্রতিষ্ঠিত হয়ে মানবিক সেবার মাধ্যমে এই সহায়তার প্রতিদান দিতে চান বলেও জানান তিনি।
শিক্ষাক্ষেত্রে এমন মানবিক উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর্থিক প্রতিবন্ধকতা যেন কোনো মেধাবীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়—এমন প্রত্যাশা সবার।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর