বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দীর্ঘদিন ধরে অরাজনৈতিক ক্যাম্পাস হিসেবে পরিচিত। তবে আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ অভিযোগ করেছেন যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বুয়েটে রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতের তারাবির নামাজের সময় নাসিরুদ্দিনের উপস্থিতিতে রাজনৈতিক স্লোগান দেওয়া হয়েছে বলে ফাইয়াজসহ বুয়েট শিক্ষার্থীরা অভিযোগ করেন। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আবরার ফাইয়াজ লিখেছেন,
“বুয়েটের আজকের ছাত্র-রাজনীতিমুক্ত পরিবেশ দুইজন ছাত্রের জীবন উৎসর্গের বিনিময়ে এবং শতশত শিক্ষার্থীর অবিরাম পরিশ্রমের ফল। আমি জানি না নাসিরুদ্দিন ভাই বুয়েটের এই অরাজনৈতিক নীতি সম্পর্কে জানতেন কি না। উনার এখানে এসে কী লাভ হলো, তা আমি বুঝতে পারিনি। নামাজ পড়তে আসা কোনো সমস্যা নয়, কিন্তু নামাজের পর স্লোগান বা মিছিল আয়োজন দেশের অন্য মসজিদে করা যেত।”
এ অভিযোগের জবাবে নাসিরুদ্দিন পাটওয়ারী ফেসবুকে জানিয়েছেন,
“বুয়েটে কয়েকজন শিক্ষার্থীর আমন্ত্রণে আমি তারাবির নামাজ পড়তে যাই। নামাজে যাওয়ার পর একজন শিক্ষার্থী আমাকে জানিয়ে দেন যে, অরাজনৈতিক ক্যাম্পাসে কোনো বক্তব্য দেওয়া যাবে না। আমি তা সম্মান জানিয়ে নামাজ শেষ করে চলে আসি। বের হওয়ার সময় আমাকে আবার কিছু না বলার জন্য এবং মিডিয়া ব্রিফিং না করার জন্য অনুরোধ করা হয়, যা আমি সম্মানের সঙ্গে গ্রহণ করি। আমি সেখানে শহীদ আবরার ফাহাদ ও শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করি। পরে পলাশীতে এসে প্রেস ব্রিফিং করি এবং সবার সঙ্গে কথা বলি। কেউ “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দিলে আমি নিজেই তাদের থামিয়ে দিই।”

নাসীরুদ্দীনের ভাষ্য, ‘অরাজনৈতিক বুয়েটের সিদ্ধান্তকে আমি সর্বোচ্চ সম্মান করি এবং আমার কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করার চেষ্টা করেছি। শুনলাম আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হবে, স্বাগতম। উপরে বর্ণিত কাজগুলো যদি অপরাধ হয়ে থাকে, তবে আপনারা শাস্তি দিতে পারেন। আমার শির আপনাদের আদালতে নত। সবাই দোয়ায় রাখবেন। মা’আসসালাম।’
কুশল/সাএ
সর্বশেষ খবর