ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ও গাজীপুরে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ইন্ধন দেওয়ার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
সোমবার (২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। রাশেদ খানের দাবি, জামায়াত রাজপথ উত্তপ্ত করছে, আর আন্দোলনের ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পোস্টে তিনি লেখেন, ‘সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব’—লং মার্চ থেকে জামায়াতের আমিরের এমন বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এর দায় কি জামায়াত এড়াতে পারে? জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আর আন্দোলনের ভেতরে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে আওয়ামী লীগ।
গত রোববার (১ নভেম্বর) মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে উত্তপ্ত করার ‘ভয়ংকর পরিকল্পনা’ নিয়ে দেশবিরোধী শক্তিগুলো এগোচ্ছে।
তিনি আরও লেখেন, সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকার পরও গতকাল জামায়াত-এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছিলেন। আর এর মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শ্রমিক সেজে পুলিশের গাড়ি, মানুষের পিকআপ ও পোশাক কারখানায় আগুন দিয়ে চলে যায় বলে অভিযোগ করেন তিনি।
রাশেদ খানের ভাষ্য, অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তবে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে উসকানিদাতা হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনা উচিত কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
শ্রমিক আন্দোলনে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ
এর আগেও পোশাকশ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছিলেন রাশেদ খান। তাঁর দাবি, শ্রমিক পরিচয়ে আন্দোলনে অংশ নিয়ে কেউ কেউ সহিংসতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর