গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমজ দুই বোন জুবাইরা আক্তার তয়া ও হুমাইরা আক্তার তুবা জুনিয়র বৃত্তি পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে তারা স্থানীয় শিক্ষাঙ্গনে গর্বের নাম হয়ে উঠেছে।
দুই বোনই পরীক্ষায় অংশ নেয় সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে। তাদের এ অর্জনে বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে।
এর আগে ২০২২ সালে তারা জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছিল। ধারাবাহিক এই সাফল্য তাদের মেধা, অধ্যবসায় ও নিষ্ঠার পরিচয় বহন করে।
জমজ দুই বোনের পিতা মো. মোরশেদ হাসান বলেন, “ছোটবেলা থেকেই তারা পড়াশোনায় মনোযোগী। প্রাইভেট ক্লাস ও নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা এই ফল অর্জন করেছে। শিক্ষকদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।” তাদের চাচা, সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, “তুবা ও তয়া দেখতে যেমন একই রকম, মেধাতেও তেমনি সমান উজ্জ্বল। ভবিষ্যতে তারা আরও বড় সাফল্য অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনশাদ আলী বলেন, “দুই বোনের লেখাপড়ার প্রতি আগ্রহ ও নম্র আচরণ প্রশংসনীয়। তারা শুধু মেধাবী নয়, চরিত্র গঠনেও সচেতন। আগামীতেও তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করছি।” তয়া ও তুবা জানায়, তারা ভবিষ্যতেও কঠোর পরিশ্রম চালিয়ে যাবে এবং আরও ভালো ফলাফল অর্জনের জন্য সবার দোয়া কামনা করেছে।
জানা গেছে, জমজ দুই বোনের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামে। তাদের বাবা মো. মোরশেদ হাসান একজন কম্পিউটার ব্যবসায়ী এবং মা তহমিনা আক্তার গৃহিণী। পরিবারের প্রত্যাশা, তারা শিক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রেখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর