ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে নিরাপত্তা ও গার্ড অফ অনার দিতে যাওয়া পুলিশের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, এএসআই নিজাম, কনস্টেবল জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান, শরিফ, মহিউদ্দিন, মেহেদী হাসান এবং নায়েক জুয়েল মিয়া।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, জেলা পুলিশ লাইনস থেকে পুলিশ সদস্যদের নিয়ে একটি গাড়ি প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে নিরাপত্তা ও গার্ড অফ অনার দিতে বাঞ্ছারামপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি নিজে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর