যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের চারটি দেশে বসবাসরত নাগরিকদের জন্য জরুরি বার্তা জারি করেছে। বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ব্রিটিশ নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
রোববার (০১ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে ওই চার দেশে থাকা নাগরিকদের শুধুমাত্র জরুরি প্রয়োজনে ভ্রমণ করার অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া নাগরিকদের তাদের অবস্থান নিবন্ধন করে নিরাপদ স্থানে থাকা অনুরোধ করা হয়েছে।
এর আগে, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার জবাবে তারা প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করেছে। আইআরজিসি দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং ইসরায়েলকেও লক্ষ্যবস্তু করেছে।
এছাড়া ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হা-কিরিয়া এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।
সংস্থাটি আরও বলেছে, ইরানি বাহিনী ‘ধাপে ধাপে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেবে, যা তাদের ভাষায় হবে ‘পরপর আঘাত’। তবে এসব হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর