ফ্লাইদুবাইয়ের ককপিটে সহকারী পাইলটের প্রাণঘাতী হামলার শিকার হয়েও শেষ মুহূর্ত পর্যন্ত বিমান ও যাত্রীদের রক্ষায় লড়াই চালিয়ে গেছেন ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানিয়েছেন, নিজের জীবন নিয়ে শঙ্কায় থাকলেও বিমানে থাকা অন্য যাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দিতে চাননি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সম্ভাব্য ছিনতাই ও দুর্ঘটনার চেষ্টার পর শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কলে কথা বলেন ক্যাপ্টেন স্মিত। এ সময় তিনি ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন।
মোদির কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্মিত বলেন, হামলার সময় তিনি নিজের জীবনের জন্য লড়াই করছিলেন। গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় একপর্যায়ে ককপিটের মেঝেতে পড়ে যান তিনি। তখন তার মনে হচ্ছিল, যদি আর উঠে দাঁড়াতে না পারেন, তাহলে কী হবে।
ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড ১০৭৩ ফ্লাইটে মাঝ আকাশে ওই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্যাপ্টেন স্মিত। গুরুতর আহত অবস্থাতেও তিনি ককপিটের দরজা খুলে দেন। এরপর বিমানের কয়েকজন যাত্রী ককপিটে ঢুকে হামলাকারী সহকারী পাইলটকে নিয়ন্ত্রণে আনেন।
পরে অন্য পাইলটরা বিমানের নিয়ন্ত্রণ নেন। হামলায় গুরুতর আহত স্মিত ককপিটের মেঝেতে পড়ে ছিলেন। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে পরে বিমানে থাকা এক যাত্রী ও পেশায় দন্তচিকিৎসক শোটা মুসায়েভ সিএনএনকে জানিয়েছিলেন।
মোদির সঙ্গে আলাপকালে স্মিত জানান, মেঝেতে পড়ে থাকার সময় তিনি বুঝতে পারেন বিমানটি দ্রুত নিচের দিকে নামছে। তখন নিজেকে শেষবারের মতো চেষ্টা করার জন্য প্রস্তুত করেন তিনি।
তিনি বলেন, তখন সহকারী পাইলট তাকে মারধর করছিলেন। তবু কোনোমতে উঠে ককপিটের দরজা খুলে দেন তিনি। এরপর অন্যরা দ্রুত ককপিটে ঢুকে পড়েন।
স্মিত বলেন, তিনি নিজের জীবনের জন্য লড়াই করছিলেন, কিন্তু একই সঙ্গে জানতেন যে বিমানে থাকা অন্য সবাইকে এভাবে মারা যেতে দিতে পারেন না।
ক্যাপ্টেনের সাহস ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রশংসা করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, স্মিতের সাহস, ধৈর্য ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণেই অনেক মানুষের জীবন রক্ষা পেয়েছে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্মিত মাচ্ছার। জরুরি অবতরণের পর প্রাথমিকভাবে সৌদি আরবে তার চিকিৎসা করা হয়েছিল।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর