যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে বিয়ের জন্য পাত্র খুঁজতে অভিনব উদ্যোগ নিয়েছেন ৩৬ বছর বয়সী এরিন প্যাটারসন। সম্ভাব্য জীবনসঙ্গীর খোঁজে তিনি তৈরি করেছেন একটি গুগল ফর্ম, যার নাম দিয়েছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’। এরই মধ্যে ফর্মটিতে ২৪১টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি সরাসরি বার্তায় তার কাছে এসেছে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০টি মেসেজ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে জীবনসঙ্গীর খোঁজ করছিলেন এরিন। ডেটিং অ্যাপ থেকে শুরু করে পরিচিতজনদের মাধ্যমে সম্ভাব্য সঙ্গীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তিনি। তবে পছন্দসই কাউকে না পাওয়ায় এবার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে গুগল ফর্মের মাধ্যমে পাত্র খোঁজার সিদ্ধান্ত নেন।
ফর্মটিতে সম্ভাব্য পাত্রদের কাছে বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—তারা কী কাজ করেন, দৈনন্দিন জীবনযাপন কেমন, ভবিষ্যৎ পরিকল্পনা কী, বিয়ে ও পরিবার সম্পর্কে তাদের ধারণা কী এবং সন্তান নেওয়ার বিষয়ে তাদের মতামত কী।
এমনকি কোনো একটি বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলার সুযোগ পেলে সেটি কী হতে পারে, সেই প্রশ্নও রাখা হয়েছে। অর্থাৎ শুধু চেহারা বা পেশার তথ্য নয়, সম্ভাব্য জীবনসঙ্গীর ব্যক্তিত্ব, জীবনধারা, মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা নেওয়াই ছিল এরিনের মূল উদ্দেশ্য।
পাত্রের ক্ষেত্রে নিজের পছন্দের বিষয়গুলোও ফর্মে স্পষ্ট করেছেন এরিন। তার শর্ত অনুযায়ী, পাত্রকে অবিবাহিত হতে হবে, বয়স হতে হবে ২৮ থেকে ৪৭ বছরের মধ্যে এবং তাকে খ্রিস্টান হতে হবে। একই সঙ্গে তিনি এমন একজনকে চান, যিনি বিয়ে, সংসার ও সন্তান চান।
ফর্মে এরিন জানিয়েছেন, তিনি এমন একজন সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার পুরুষের সঙ্গে পরিচিত হতে চান, যিনি কফি বা ডিনারে যেতে এবং অর্থবহ কথোপকথনে আগ্রহী। তবে তার চূড়ান্ত লক্ষ্য যে বিয়ে, সেটিও স্পষ্ট করেছেন তিনি।
এরিনের ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ তার অভিনব উদ্যোগের প্রশংসা করছেন, আবার কেউ বিষয়টি নিয়ে মজাও করছেন। তবে বিপুলসংখ্যক আবেদন ও বার্তা থেকে বোঝা যাচ্ছে, তার এই ব্যতিক্রমী পাত্র খোঁজার পদ্ধতি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর