ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সামগ্রিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
সোমবার (২ মার্চ) মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক অবস্থা নিয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্বেগ পুনর্ব্যক্ত করে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে পড়েছে। সেখানে দুইজন বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন। পাশাপাশি, বাংলাদেশের একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে আটকে রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতে সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলার সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান। বাহরাইনেও আরেকজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।
এছাড়া কুয়েতে বেসামরিক বিমানবন্দরের আশপাশে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রবাসী নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। মধ্যপ্রাচ্যে বসবাসকারী ৬০ লাখের বেশি বাংলাদেশির সুরক্ষার জন্য দূতাবাসগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশাবলি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
এছাড়া, বাংলাদেশের ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি বর্তমানে জেবেল আলি বন্দরে আটকা পড়েছে এবং দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর