সুন্দরবনে বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্ট গার্ড সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকায় কিছু অসাধু চক্র সুন্দরবনে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার দৃঢ় সংকল্পে কোস্ট গার্ড ইতোমধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা, আউটপোস্ট নলিয়ান, স্টেশন কয়রা এবং পুলিশের সমন্বয়ে কয়রা থানাধীন নারায়ণপুর এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুন্দরবনের কুখ্যাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদার(৩২) কে আটক করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১১টায় মোংলা থানাধীন পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পুনরায় অভিযান চালিয়ে একটি শটগান, একটি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, নির্বাচন-পরবর্তী সময়ে সুন্দরবনে যৌথ অভিযান শুরু হলে আতঙ্কিত হয়ে আটক ব্যক্তি অস্ত্র ও গোলাবারুদ পুঁতে রেখে কয়রার নারায়ণপুর এলাকায় আত্মগোপন করেন।
আটক আফজাল সরদার খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে যুক্ত থেকে দস্যুতা কার্যক্রমে অংশগ্রহণ এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যু মুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর