রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক সেবনের দায়ে তিন যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। এলাকাবাসীর হাতে আটককৃত মাদকসেবীরা হলো, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা গ্রামের রিপন মোল্লার ছেলে রিফাত মোল্লা (১৮), কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের লাড়ীবাড়ী গ্রামের মৃত লালচাঁদ মন্ডলের ছেলে সাগর মন্ডল (১৮) এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের মো. মজিবর রহমান মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (১৮)।
বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা গ্রাম জুয়া ও মাদকমুক্ত। দিয়ারা যুব সংঘের সদস্যদের হাতে মাদক সেবনের সময় ধরা পড়ে এই তিনজন মাদকসেবী। পরে বালিয়াকান্দি থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে আটককৃতদের হেফাজতে নেয় এবং মোবাইল কোর্টে হাজির করে। বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুক হক শিপন তাদের জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করায় ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় অনাদায়ে আরও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সেবনের সময় দিয়ারার গ্রামবাসী রিফাত মোল্লা, সাগর মন্ডল ও বিল্লাল মিয়াকে হাতেনাতে আটক করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।
আটককৃতদেরকে হাজির করা হলে তারা মাদক সেবনের বিষয়টি অকপটে স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদেরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত যুবকদেরকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর