মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে গ্যাসসহ অন্যান্য জ্বালানির ব্যবহার সাশ্রয়ী করার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।
বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং দেশের সব নাগরিককে দ্রুত সাশ্রয়মূলক পদক্ষেপ নিতে হবে।
এর অংশ হিসেবে রান্নাসহ অন্যান্য কাজে গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার এড়িয়ে চলা, পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করা এবং লিকেজ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক করা হয়েছে।
সেইসঙ্গে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে শেয়ারিং (কার-পুলিং) ব্যবস্থা উৎসাহিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করে জ্বালানি তেলের ব্যবহার কমানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
জনসাধারণের পাশাপাশি বিজ্ঞপ্তিতে সব সরকারি দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলাকালীন ও অফিস-পরবর্তী সময়ে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত জ্বালানি ব্যবহার পরিহার করে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
সর্বোপরি জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
কুশল/সাএ
সর্বশেষ খবর