আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে এখনো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত কার্যকর হলে এবার ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২০ বা ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ঈদের ছুটির পরিকল্পনা করা হয়েছে। সে অনুযায়ী রমজানের ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে।
সরকারের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে মোট চার দিনের ছুটি নির্ধারিত আছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি আগে থেকেই প্রায় নিশ্চিত ছিল।
তবে ঈদের আগে ১৭ মার্চ মঙ্গলবার শবেকদরের ছুটি রয়েছে।
এরপর ঈদের নির্ধারিত ছুটি শুরু হওয়ার আগে মাঝখানে এক দিন (১৮ মার্চ) অফিস খোলা ছিল। তাই ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটির মাধ্যমে টানা সাত দিনের ছুটির ব্যবস্থা করল সরকার। এখন ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ১৭ মার্চ, চলবে ২৩ মার্চ পর্যন্ত।
কুশল/সাএ
সর্বশেষ খবর