আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে উন্নতি সত্ত্বেও বিশ্বের ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম। এমনকি আফ্রিকার কয়েকটি দেশ—জিম্বাবুয়ে, কেনিয়া ও লাইবেরিয়ার চেয়েও পিছিয়ে রয়েছে দেশটি।
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রকাশিত ‘আইনের শাসন সূচক ২০২৬’-এ বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ০.৩৯। বিপরীতে, সূচকে বিশ্বের গড় স্কোর ০.৫৫। তবে সামগ্রিক অবস্থান পিছিয়ে থাকলেও এ বছর আইনের শাসনের ক্ষেত্রে অগ্রগতির দিক থেকে বিশ্বের শীর্ষ ১৫টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এ অঞ্চলে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নেপাল। এরপর রয়েছে শ্রীলঙ্কা ও ভারত। অন্যদিকে, বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
আফ্রিকার কয়েকটি দেশও এ সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। তালিকায় ঘানার অবস্থান ৬২তম, কেনিয়া ১০০তম, লাইবেরিয়া ১০৩তম এবং সিয়েরা লিওন ১১০তম। এ ছাড়া নাইজেরিয়া রয়েছে ১২০তম স্থানে। বাংলাদেশের ঠিক ওপরে ১২২তম অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে।
আইনের শাসন সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইউরোপের দেশগুলো। শীর্ষ পাঁচে যথাক্রমে রয়েছে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও লুক্সেমবার্গ।
দেশগুলোর আইনের শাসনের পরিস্থিতি মূল্যায়নে আটটি মানদণ্ড ব্যবহার করেছে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট। এগুলো হলো—সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, বিধি-বিধানের প্রয়োগ, দেওয়ানি বিচার এবং ফৌজদারি বিচার।
আটটি মানদণ্ডের মধ্যে তিনটিতে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এগুলো হলো সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি এবং বিধি-বিধানের প্রয়োগ। তবে বাকি পাঁচটি মানদণ্ডে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে।
সূচকের তথ্য অনুযায়ী, মৌলিক অধিকার সুরক্ষায় বাংলাদেশের পরিস্থিতি সবচেয়ে দুর্বল। এ ক্ষেত্রে ০.৩১ স্কোর নিয়ে ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম।
অন্যদিকে, আটটি মানদণ্ডের মধ্যে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে ‘মুক্ত সরকার’ সূচকে। এ ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ০.৪২ এবং অবস্থান ১২৮তম।
সামগ্রিকভাবে আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিলেও বৈশ্বিক গড়ের তুলনায় স্কোরের বড় ব্যবধান এবং মৌলিক অধিকারসহ পাঁচটি মানদণ্ডে অবনতি দেশটির সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর