বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। তিনি আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। তিনি বলেন, “এমন সংসদই আমরা দেখতে চাই। অতীতে সংসদে যেসব নেতিবাচক সংস্কৃতি সৃষ্টি হয়েছে, সেগুলো আমরা মানুষের মন থেকে মুছে দেব।”
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানস্থ চেয়ারম্যানের কার্যালয়ে নতুন সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংসদ সদস্যদের সঙ্গে সংবিধান, রুলস অব প্রসিডিউর, কাস্টমস এবং হাউসের কনভেনশন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বের যেসব দেশ শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে, তাদের সংসদে কীভাবে কার্যক্রম চলে, সেসব বিষয়েও আলাপ হয়েছে। আশা করি, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটাই আশ্বস্ত হবে। অতীতে সংসদে যেসব নেতিবাচক সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব।”
নতুন সংসদ সদস্যদের নিয়ে তিনি বলেন, “যারা নতুন, তারা নতুনভাবে যাত্রা শুরু করবেন এবং ভালো শিখবেন। তাদের মধ্যে যদি কোনো খারাপ সংস্কৃতি না থাকে, তবে তারা সঠিক শিক্ষা পাবেন। যেমন একটি শিশুই জন্মের পর সতেজ সংস্কৃতি শিখে বড় হয়, ঠিক তেমনভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করবে, তাই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
দুদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা চলছে, যেখানে প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচরণ বিষয়ে শিক্ষা গ্রহণ করছেন। শনিবারের শেষ দিনের সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পাশাপাশি ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন।
বিকেলের সেশনে থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হচ্ছে এই কর্মশালায়।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর