• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০২:১৯ দুপুর

রাজবাড়ীতে তেলের সম্ভাব্য সংকটের গুজবে বিক্রি দ্বিগুণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের আশঙ্কায় দেশের বিভিন্ন এলাকার মতো রাজবাড়ী জেলায় পেট্রোল পাম্পে তেল বিক্রি অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে। স্বাভাবিক সময়ের তুলনায় কোথাও কোথাও তেল বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বৈশ্বিক পরিস্থিতির কারণে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে—এমন খবর ও গুজব ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে মজুত করার চেষ্টা করছেন। এতে বিভিন্ন পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

শনিবার দুপুরে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাংশা ফিলিং স্টেশনে গিয়ে প্রায় অর্ধশত মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। কেউ ১০ মিনিট আবার কেউ আধাঘণ্টা অপেক্ষা করছেন ২০০ টাকার তেল নিতে। অন্যদিকে, ফিলিং স্টেশনগুলো খোলাবাজারে তেল বিক্রি করছে কিনা, তা পর্যবেক্ষণ করছে ভ্রাম্যমাণ আদালত।

দীর্ঘ এক ঘণ্টা পাংশা ফিলিং স্টেশন ও পাশের সুগন্ধি ফিলিং স্টেশন এলাকায় এই প্রতিবেদক তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের গতিবিধি পর্যবেক্ষণ করেন।

সময় ১০টা ৪৫ মিনিট। পাংশা ফিলিং স্টেশন থেকে সাদা রঙের এপাচি আরটিআর মোটরসাইকেলে ২০০ টাকার পেট্রোল নিয়ে যান এক চালক। সেখান থেকে সামনের সুগন্ধি ফিলিং স্টেশন থেকেও নেন আরও ২০০ টাকার পেট্রোল। কিছুক্ষণ অপেক্ষা করে আবারও ১১টা ১০ মিনিট নাগাদ পাংশা ফিলিং স্টেশন থেকে ২০০ টাকার পেট্রোল নিয়ে শহরের দিকে চলে যান তিনি।

পাংশা ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল মমিন বলেন, "আমরা দুই দিন আগেও যে যতটুকু তেল চেয়েছে, দিয়েছি। সরকার একটি নির্দেশনা দিয়েছে মোটরসাইকেল প্রতি ২০০ টাকার বেশি তেল না দেওয়ার। আমরা সেটা অনুসরণ করে গতকাল থেকে তেল বিক্রি করছি।"

তিনি আরও বলেন, "আগে আমাদের এই ফিলিং স্টেশনে দিনে আনুমানিক ৩ হাজার লিটার পেট্রোল, অকটেন বিক্রি হতো। গতকাল থেকে সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৬ হাজার লিটারে। অনেকেই ২০০ টাকা করে তেল নিয়ে বাড়িতে মজুত করছে।"

তিনি আরও বলেন, "ডিপো থেকে আমাদের আগের থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল কিছুটা কম দেওয়া হচ্ছে। তবে চাহিদা বেড়েছে দ্বিগুণ। এভাবে চলতে থাকলে সমস্যায় পড়ে যেতে হবে।"

এ বিষয়ে পাংশা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সাদ আহম্মেদ বলেন, "ইতিমধ্যে সরকার একটি তালিকা প্রকাশ করেছে কোন গাড়ি কতটুকু তেল পাবে। ফিলিং স্টেশনগুলো সেই নির্দেশনা মানছে কিনা, সেটা আমরা তদারকি করছি। সেই সাথে অতিরিক্ত দামে ফিলিং স্টেশনগুলো যাতে খোলাবাজারে তেল বিক্রি করতে না পারে, সেটিও দেখা হচ্ছে।"

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। গুজবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল ব্যবহারের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com