ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের এক সপ্তাহ পার না হতেই দেশটিতে মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এখন পর্যন্ত যুদ্ধে ১,৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, সংঘাতের কারণে বহু মানুষ নিরাপত্তার জন্য রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। জরুরি সহায়তার জন্য সংস্থাটির কাছে বিপুলসংখ্যক ফোনকল আসছে, যা পরিস্থিতির ভয়াবহতা নির্দেশ করছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সামরিক হামলা শুরুর পরপরই রাজধানী তেহরান থেকে কয়েক দিনের মধ্যে প্রায় ১ লাখ মানুষ শহর ছেড়ে চলে গেছে। অনেক পরিবার নিরাপদ অঞ্চলের দিকে গাড়ি ও অন্যান্য যানবাহনে করে চলে যাচ্ছে।
এদিকে জাতিসংঘের কাছে দেওয়া বক্তব্যে ইরানের প্রতিনিধি জানিয়েছেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত ১,৩৩২ জনেরও বেশি ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও হাজারো মানুষ আহত হয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, সংঘাতের সময় ইরানের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
মানবাধিকার ও মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলেছে, যদি যুদ্ধ দ্রুত বন্ধ না হয়, তাহলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও দ্রুত বাড়তে পারে এবং পুরো অঞ্চলে বড় ধরনের মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র- আলজাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর