ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধে “যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার” আশঙ্কার কথা জানিয়ে পরিস্থিতি শান্ত করতে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে দ্রুত যুদ্ধবিরতি ও আলোচনায় ফেরার ওপর জোর দিয়েছে বেইজিং।
রোববার বেইজিংয়ে বার্ষিক অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী Wang Yi বলেন, “এটি এমন একটি যুদ্ধ যা কখনোই হওয়া উচিত ছিল না এবং এতে কারও কোনো লাভ হয়নি।”
তিনি বলেন, উত্তেজনা দ্রুত কমাতে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন, যাতে পরিস্থিতি আরও খারাপ না হয় এবং যুদ্ধের আগুন অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে।
ওয়াং ই আরও বলেন, “সব পক্ষের উচিত যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে ফিরে এসে সমান মর্যাদার সংলাপের মাধ্যমে মতপার্থক্য সমাধান করা।”
চীন নিজেকে “বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংঘাত না বাড়িয়ে কূটনৈতিক পথেই সমাধান খুঁজতে হবে।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ নিয়ে চীনের বাড়তি উদ্বেগের একটি কারণ হলো মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলছে এবং তেলের দামও বেড়ে যাচ্ছে।
এই মন্তব্য এমন সময় এলো যখন চীনের প্রেসিডেন্ট Xi Jinping এই মাসের শেষ দিকে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump-কে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির নেতাদের মধ্যে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ওয়াং ই বলেন, আসন্ন বৈঠককে সফল করতে উভয় দেশের উচিত আগে থেকেই ভালো পরিবেশ তৈরি করা, বিদ্যমান মতপার্থক্যগুলো সঠিকভাবে পরিচালনা করা এবং অপ্রয়োজনীয় বাধা দূর করা।
তিনি আরও বলেন, “চীনের অবস্থান সবসময় ইতিবাচক ও উন্মুক্ত। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্রও একই পথে এগিয়ে আসা।”
সূত্র- সিএনএন।
সাজু/নিএ
সর্বশেষ খবর