লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
শনিবার (৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে লন্ডনে পৌঁছে স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় তিনি বিষয়টিকে একটি ‘সুখবর’ বলেও উল্লেখ করেন।
তবে অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পাওয়া আবিদা ইসলামকে প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো অফিস আদেশ সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সিলেটি ও ইংরেজি মিশিয়ে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন—লন্ডনের হাই কমিশন দীর্ঘদিন ধরে কমিউনিটিকে বিভক্ত করে রেখেছে এবং সেখানে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চলছিল। তিনি দাবি করেন, কমিউনিটির স্বার্থ বা বাংলাদেশের স্বার্থের পরিবর্তে অন্য উদ্দেশ্যই প্রাধান্য পাচ্ছিল। এ কারণেই হাই কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরপর তিনি ইংরেজিতে বলেন, ‘হাই কমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।’
২০২৪ সালের ৫ অগাস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আসা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার বিদেশি মিশনগুলোতে রদবদলের ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে এ দায়িত্বে আনে।
কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর