মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্টি হওয়া জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রল সরবরাহের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রল) গড় বিক্রয় ১৫ শতাংশ হ্রাস করতে হবে।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত রাখার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ সংক্রান্ত বিষয়গুলিতে এই নির্দেশনা প্রদান করেছে।
সে পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেল (অকটেন ও পেট্রোল) এর গড় বিক্রয় হতে ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।
এতে আরো বলা হয়, হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে বিপিসির অধীনস্থ বিপণন কম্পানি সমূহের ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
কুশল/সাএ
সর্বশেষ খবর