• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ১০:৪৩ দুপুর

সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় বেড়ে গেল তেলের দাম

ফাইল ফটো

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানির মজুত কমে যাওয়ায় বাজারে দাম বৃদ্ধির প্রবণতা আরও জোরালো হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) গ্রিনিচ মান সময় ৩টা ৫০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫৯ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১০ ডলার ৩৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ৩৬ সেন্ট বা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ১৮ সেন্টে পৌঁছায়।

এর আগের লেনদেনে তেলের দাম কমেছিল। ইরানের প্রেসিডেন্ট তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে আলোচনা করার পর বাজারে কিছুটা আশাবাদ তৈরি হয়। তবে দাম কমার আগে ব্রেন্ট ক্রুডের মূল্য পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

ডিবিএসের জ্বালানি গবেষণাপ্রধান সুব্রো সরকার বলেন, সাম্প্রতিক কয়েকটি লেনদেন পর্বে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। তাঁর মতে, মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং কাতার বা পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতার আশার পাশাপাশি চুক্তি এখনো অনেক দূরে থাকার বাস্তবতা বাজারকে প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানির মজুত কমে যাওয়াও দামের ওপর প্রভাব ফেলছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের সংবাদমাধ্যম নূরনিউজ জানায়, তেহরান পাকিস্তানের সেনাপ্রধানকে জানিয়েছে, নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না। একই সময়ে কাতারের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে বলেও খবর প্রকাশিত হয়। তবে এসব তথ্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এদিকে, সমুদ্রপথে জ্বালানি পরিবহনের নিরাপত্তাঝুঁকিও বাড়ছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি জাহাজে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, ইরানের হামলা হরমুজ প্রণালির বাইরেও বিস্তৃত হয়ে ওমান উপসাগর পর্যন্ত পৌঁছেছে। এতে উপসাগরীয় অঞ্চলে অপরিশোধিত তেল জাহাজে তোলার কার্যক্রম এবং জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তর ঝুঁকির মুখে পড়ছে।

সৌদি আরবেও উত্তেজনা বেড়েছে। সোমবার ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা, শায়বাহ তেলক্ষেত্র এবং রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে হুতিরা। একই দিন ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর হুতিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতার যে প্রস্তাব ইরান দিয়েছে, সে বিষয়ে সৌদি আরব বা ইয়েমেনের হুতিদের কাছ থেকে কোনো জবাব পায়নি তেহরান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিজেলের ঘাটতির কারণে জ্বালানির দাম বাড়ছে। এ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি উৎপাদন বাড়াতে বিভিন্ন দেশের পরিশোধনাগারগুলোর সঙ্গে কাজ করছেন বলে মঙ্গলবার জানিয়েছেন মার্কিন জ্বালানি বিভাগের দুই কর্মকর্তা।

বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য অনুযায়ী, ১৬ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ৪৯ লাখ ব্যারেল কমেছে।

মধ্যপ্রাচ্যের সংঘাত, জাহাজ চলাচলে নিরাপত্তাঝুঁকি এবং জ্বালানি মজুতের পরিবর্তন—সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা অব্যাহত রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]