হবিগঞ্জ জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসান ব্রিটিশ সংবাদমাধ্যম বি বিসি বাংলার বিরুদ্ধে এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, গত ২১ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে তার কাছে ৪০ লাখ টাকার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি থাকার মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
আইনি নোটিশ ৮ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের মাধ্যমে লন্ডনে অবস্থানরত বি বিসির মহাপরিচালক টিম ডেভি এবং ঢাকা কার্যালয়ের প্রধান সম্পাদক মীর সাব্বিরকে পাঠানো হয়।
মাহদী হাসান মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নিজে এই নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বি বিসি বাংলা কর্তৃক আমার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ এবং আমার দাবির প্রতি সম্মান জানিয়ে মানহানিকর তথ্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্যই আমি এই আইনি নোটিশ পাঠিয়েছি।”
নোটিশে মাহদী হাসান উল্লেখ করেছেন, বি বিসি বাংলা কোনো যাচাই-বাছাই ছাড়াই তার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেছে, যা তার ব্যক্তিগত সুনাম ও সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। নিজেকে ২০২৪ সালের জুলাই বিপ্লবের একজন সম্মুখসারির কর্মী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভিত্তিহীন এই তথ্যের কারণে তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সম্মানহানির অভিযোগে তিনি এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
নোটিশে বি বিসি বাংলাকে বিতর্কিত প্রতিবেদনটির বিষয়ে দ্রুত ব্যাখ্যা প্রদান এবং প্রয়োজনীয় সংশোধনী আনার দাবি জানানো হয়েছে। মাহদী হাসান স্পষ্টভাবে আলটিমেটাম দিয়েছেন যে, নোটিশ পাওয়ার পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদনটি প্রত্যাহার করে সন্তোষজনক ব্যবস্থা না নেওয়া হলে তিনি সংবাদমাধ্যমটির বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
আইন ও আদালত এর সর্বশেষ খবর