বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৪২) নামের এক বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে পৌরসভার বৈলগ্রাম এলাকায় হাটকড়ই-ওমরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম উপজেলার সিধইল পশ্চিমপাড়া গ্রামের মৃত মনসুর আলী মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন। সে বাকপ্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জাহিদুল ইসলাম অটোভ্যান নিয়ে বৈলগ্রামের আইয়ুব আলীর বাড়ির সামনে সড়কের উপর অবস্থান করছিলেন। এসময় হাটকড়ইয়ের দিক থেকে আসা চাল বোঝাই একটি ট্রাক ভ্যানটির পেছনে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর