খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ১৩৮ পিস অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে জব্দ করা এসব অবৈধ কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুপারি বাগান এলাকায় একটি ট্রাক থেকে এসব কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ৪৯৮.০১ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিনের নির্দেশনায় এবং জোন এডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমি'র নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ বিভিন্ন প্রজাতির মোট ১৩৮ টুকরা গোল কাঠ জব্দ করা হয়।
অভিযান চলাকালে বন বিভাগের জামতলি স্টেশন কর্মকর্তা মোহাম্মদ তমিজ উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, সেনাবাহিনীর অভিযানে বিভিন্ন জাতের ১৩৮ পিস অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ। আইনগত প্রক্রিয়া শেষে এসব কাঠ নিলামে তোলা হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর